বিনোদন ডেস্ক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের নামে চণ্ডীগড়ে নির্মাণ হতে যাচ্ছে বড় একটি আবাসন প্রকল্প। বহুতল এই প্রকল্পের সম্ভাব্য নাম হিসেবে ‘দ্য সালমান টাওয়ার্স’ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অনুষ্ঠানে সালমান খানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে তিনটি নাম নিবন্ধন করা হয়েছে—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। এর মধ্যে ‘দ্য সালমান টাওয়ার্স’ নামটিই চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকল্পটি শুধু একটি বহুতল ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি আরও বড় পরিসরে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধাসহ আবাসন প্রকল্পটি নির্মাণ করা হবে। এর সঙ্গে যুক্ত রয়েছে দুটি আবাসন প্রতিষ্ঠান—একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক।
এদিকে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করছেন সালমান খান। ১৯৭৪ সাল থেকে খান পরিবারের ঠিকানা এই ভবন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সালমানের ব্যক্তিজীবন ও চলচ্চিত্র ক্যারিয়ারের নানা অধ্যায়ের সাক্ষী হয়ে আছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।
সম্প্রতি সালমানের পরিবারের নতুন আবাসন নিয়েও খবর সামনে এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে খান পরিবার। সম্পত্তিটি সালমানের মা সালমা খানের নামে রয়েছে।
নতুন ভবন নির্মাণের পর সালমান ও তার পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে উঠবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
চলচ্চিত্রের দিক থেকে সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকন্দর’ সিনেমায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। মুক্তির পর বিভিন্ন জায়গায় সিনেমাটি ফাঁস হওয়ার খবরও সামনে আসে।
বর্তমানে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সালমান। এতে তার সহশিল্পী চিত্রাঙ্গদা সিংহ। সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘ব্যাটল অব গলওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
9 News Bd | s s