বিনোদন ডেস্ক | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি দলটির হয়ে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগদান এবং সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী।
রোববার (৪ অক্টোবর) কোয়েলের বিজেপিতে যোগদান এবং রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি সামনে আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তবে সমালোচনায় বিচলিত নন বলে জানিয়েছেন তিনি।
কোয়েল বলেন, রাজ্যসভার সদস্য হতে পেরে তিনি নিজেকে ‘ধন্য’ মনে করছেন। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। দেশের মানুষের সেবা করার সুযোগ তিনি সবসময়ই গুরুত্বের সঙ্গে দেখেন। একটি কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের জন্য কাজ করার সুযোগ আরও বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার পেছনে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়েল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। তার দাবি, গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, তাতে তারা সন্তুষ্ট। রাজ্যের জন্য এ ধরনের উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি।
এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সমালোচনার বিষয়ে কোয়েল বলেন, যারা তাকে নিয়ে কটূক্তি করছেন, তাদের প্রতি তার কোনো রাগ নেই। বরং তাদের মানসিক সুস্থতা কামনা করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, মানুষ যখন অন্যকে অপমান করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত মন্তব্য ছড়ায়, তখন অনেক সময় তা নিজের ভেতরের ক্ষোভ থেকেই আসে। কেউ সুখী ও স্বস্তিতে থাকলে অন্যকে অপমান করে আনন্দ পাওয়ার প্রয়োজন হয় না বলেও মন্তব্য করেন তিনি।
কোয়েল আরও বলেন, তিনি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তাই পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ধৈর্য ধরার মানসিকতা তার রয়েছে। সমালোচনার জবাব দিতে গিয়ে কারও প্রতি ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করতে চান না বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে। একই সঙ্গে রাজ্যসভায় তার সম্ভাব্য ভূমিকা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। রাজনীতির মাঠে তার এই নতুন যাত্রা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
9 News Bd | s s