কক্সবাজার প্রতিনিধি | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলকভাবে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক টার্মিনাল দিয়ে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য টার্মিনালটির কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হলো।
নতুন টার্মিনাল চালুর প্রথম দিনের যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রশস্ত পরিসর, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত লাগেজ পাওয়ার সুবিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁরা। পর্যটননির্ভর কক্সবাজারে আধুনিক বিমানবন্দর সুবিধা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।
প্রথম দিনের যাত্রী আবদুর রহমান বলেন, ঢেউয়ের আদলে নির্মিত টার্মিনালটি তাঁর ভালো লেগেছে। পুরোনো টার্মিনালের তুলনায় এখানে পরিচ্ছন্নতা বেশি এবং যাত্রী হয়রানিও কম হয়েছে। সহজেই লাগেজ পেয়েছেন বলেও জানান তিনি। তাঁর মতে, কক্সবাজারের মতো পর্যটনকেন্দ্রে এ ধরনের পরিবেশ আরও আগেই প্রয়োজন ছিল।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতা জয়নাল আবেদীন হাজারি বলেন, দেশের দীর্ঘতম রানওয়ে ও আধুনিক আন্তর্জাতিক টার্মিনাল নিয়ে বিশ্বমানের সেবার জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর। অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্য সামনে রেখে টার্মিনালটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
তিনি বলেন, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনাল কক্সবাজারের আকাশপথের যোগাযোগ, পর্যটন ও অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আন্তর্জাতিক টার্মিনালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলে বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন খাতের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নতুন এ অবকাঠামোর সুফল কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক ফ্লাইট চালু, যাত্রীসেবা এবং সংশ্লিষ্ট যোগাযোগব্যবস্থার কার্যকারিতার ওপর।

Posted ৬:৩৫ পিএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


