শিরোনাম >>
শিরোনাম >>

চলে গেলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

চলে গেলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন

দেশের অন্যতম প্রবীণ শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন আর নেই। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আখতার হুসেন। দীর্ঘদিন ধরে ক্যানসার ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তচাপ কমে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

প্রায় ছয় দশক ধরে শিশু-কিশোরদের জন্য ছড়া, গল্প, গান, জীবনী ও অনুবাদসহ নানা ধরনের লেখা লিখেছেন আখতার হুসেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’ ও ‘ফ্রিডম ফাইটার’ তাঁর উল্লেখযোগ্য বই।

মহান মুক্তিযুদ্ধেও তাঁর লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুরকার অজিত রায়ের সুরে শিল্পী তিমির নন্দীর কণ্ঠে তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ গানটি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাদায়ী গানের তালিকায় বিশেষভাবে স্মরণীয়।

পেশাগত জীবনে সাংবাদিকতা করেছেন আখতার হুসেন। দৈনিক সংবাদ, দৈনিক জনকণ্ঠ ও প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর ও উদীচীর সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের দলীয় সংগীত রচনা করেন।

সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বাংলা একাডেমির ফেলোও ছিলেন।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বাদ মাগরিব তেজগাঁও রেলওয়ে জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

আখতার হুসেনের মৃত্যুতে বাংলাদেশের শিশুসাহিত্য অঙ্গনে নেমে এসেছে গভীর শূন্যতা। তাঁর লেখা ছড়া, গল্প ও মুক্তিযুদ্ধের গান বহু প্রজন্মের পাঠক-শ্রোতার মধ্যে তাঁকে স্মরণীয় করে রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৪ এএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------