বগুড়া প্রতিনিধি | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন ব্যয়ের ওপর।
তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতের অপচয়, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ না করে অতিরিক্ত ব্যয়ের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সার সংকট ও ডিজেলের দাম বাড়ায় কৃষকেরাও চাপে পড়েছেন বলে দাবি করেন তিনি।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী ও অধ্যক্ষ ইকবাল হোসেনসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে আইন কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

Posted ১:৪৮ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


