নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে গত সাত দিনে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে প্রথম ১৫ দিনেই মারা গেছেন ৭৯ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৪ জন। এ ছাড়া খুলনায় ২৫২ জন, বরিশালে ২২১, চট্টগ্রামে ১৯২, রাজশাহীতে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫, সিলেটে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Posted ১২:২৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


