নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী প্রসেসর ও হালকা-পাতলা নকশার নতুন দুটি ল্যাপটপ দেশের বাজারে এনেছে আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ মডেলের ল্যাপটপ দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা রয়েছে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত পণ্য উন্মোচন অনুষ্ঠানে ল্যাপটপ দুটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন আসুস ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কর্মকর্তারা।
অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, বর্তমান পেশাজীবীদের কর্মক্ষমতার পাশাপাশি সহজে বহনযোগ্যতা, নকশা ও নিরাপত্তার সমন্বিত সুবিধা প্রয়োজন। এক্সপার্টবুক আলট্রার মাধ্যমে এসব সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কর্মক্ষেত্রের কথা মাথায় রেখে ল্যাপটপটির নকশা করা হয়েছে প্রিমিয়াম বাণিজ্যিক জেটের ডানা থেকে অনুপ্রেরণা নিয়ে। মুন গ্রে ও জেট ফগ—দুটি রঙে পাওয়া যাবে এটি। ওজন এক কেজির কম এবং পুরুত্ব ১০ দশমিক ৯ মিলিমিটার। এতে রয়েছে ইন্টেল কোর আলট্রা এক্স৯ প্রসেসর ও ইন্টেল আর্ক বি৩৯০ গ্রাফিকস। পর্দার রিফ্রেশ রেট ৩০ থেকে ১২০ হার্টজ।
আসুসের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এক্সপার্টবুক আলট্রা সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। দ্রুত চার্জিং সুবিধায় ৩০ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
স্থায়িত্বের দিক থেকেও ল্যাপটপটিকে শক্তিশালী করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। আয়োজকদের দাবি, এটি সর্বোচ্চ ১০০ কেজি চাপ সহ্য করতে পারে। ১২০ সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে গেলেও এবং কিবোর্ড ও মাউসপ্যাডে পানি পড়লেও ল্যাপটপটির ক্ষতি হবে না বলে তারা জানিয়েছে।
বাংলাদেশের বাজারে এক্সপার্টবুক আলট্রা ৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। আর এক্সপার্টবুক আলট্রা ৭-এর দাম ৩ লাখ ২০ হাজার টাকা।
Posted ১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s