বিনোদন প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, চুরি এবং নিরাপত্তাঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি আবারও আলোচনায় আসে।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান জানিয়েছেন, বহিরাগতদের অবাধ প্রবেশ প্রশাসনের নজরে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সমিতিগুলোকে চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুতই প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি চিত্রনায়িকা তানহা তাসনিয়ার মোবাইল ফোন চুরির ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সরেজমিনে দেখা গেছে, প্রধান ফটকে দর্শনার্থীদের পরিচয় যাচাই বা নিবন্ধনের কার্যকর ব্যবস্থা নেই। শুটিংয়ের কথা বললেই অনেক ক্ষেত্রে যাচাই ছাড়াই প্রবেশের সুযোগ মিলছে।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বহিরাগতরা শিল্পীদের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করছেন, যা তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করছে। পাশাপাশি অতীতেও এফডিসিতে মোবাইল ফোন, ব্যাগ ও শুটিং সরঞ্জাম চুরির একাধিক ঘটনা ঘটেছে।
পরিচালক, প্রযোজক ও শিল্পীদের মতে, এফডিসি কোনো বিনোদনকেন্দ্র নয়; এটি একটি পেশাদার কর্মক্ষেত্র। তাই অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করে ডিজিটাল প্রবেশপত্র, দর্শনার্থী নিবন্ধন, সিসিটিভি নজরদারি জোরদার এবং অনুমতি ছাড়া প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা জরুরি।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান জানান, সাংবাদিকসহ সব শ্রেণির প্রবেশকারীর জন্য পৃথক ডেটাবেজ ও পরিচয়পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমিতিগুলোকে সদস্য ছাড়া অন্য কাউকে এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর আশা, নতুন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি এফডিসির পেশাদার কর্মপরিবেশও আরও সুসংহত হবে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
9 News Bd | s s