বিজ্ঞপ্তি | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ভল্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। শনিবার সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক ভল্ট হোল্ডিংস লিমিটেড-এর শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান ভল্ট দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। গত এক দশকে প্রতিষ্ঠানটির প্রযুক্তি উন্নয়ন ও পরিচালনাগত সহায়তা দিয়েছে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইওটেক।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের হসপিটালিটি, খুচরা ব্যবসা ও সেবাখাতে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে কাজ করা হবে। একই সঙ্গে যুক্তরাজ্যে অর্জিত প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি সমন্বিত ফিনটেক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভল্টের বৈশ্বিক প্রযুক্তি কার্যক্রম পরিচালনায় বাংলাদেশভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সক্ষমতাও আরও বিস্তৃতভাবে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, বাংলাদেশে নতুন একটি আন্তর্জাতিক ফিনটেক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়া দেশের প্রযুক্তি খাতের অগ্রগতির ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষ করে সিলেটের প্রযুক্তি খাতের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করছে। স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আনতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, নগদ লেনদেনের পরিবর্তে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থা বিস্তৃত হলে ব্যবসায়িক স্বচ্ছতা বাড়বে, লেনদেনের গতি বৃদ্ধি পাবে এবং আর্থিক সেবার পরিধিও সম্প্রসারিত হবে।
ভল্ট হোল্ডিংসের সহ-প্রতিষ্ঠাতা, প্রধান পণ্য কর্মকর্তা এবং ভল্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদ জামান বলেন, সিলেটের প্রকৌশলীরা গত এক দশক ধরে আন্তর্জাতিক বাজারের জন্য সফটওয়্যার ও প্রযুক্তি সমাধান তৈরি করে আসছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
তিনি জানান, এ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা শুধু ডিজিটাল পেমেন্ট গ্রহণই করবেন না, বরং বিক্রয় ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনার বিভিন্ন সুবিধাও পাবেন। এতে নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমবে এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবসার দক্ষতা ও সেবার মান উন্নত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একটি ফিনটেক প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম শুরু দেশের ডিজিটাল আর্থিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আধুনিক পেমেন্ট প্রযুক্তির সঙ্গে যুক্ত করার মাধ্যমে স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগও আরও গতিশীল হবে।
Posted ১২:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
9 News Bd | s s