নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৫৭ মেধাবী শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিতসহ ৪ হাজার ৯২১ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরে সেরা ফল করা ৩৭টি কলেজের ৫৭ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রত্যেককে সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ খাতে মোট ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে।
২০২৪-২৫ সালের জন্য নির্বাচিত ১ হাজার ৫২৫টি কলেজের ৪ হাজার ৯২১ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের জন্য নির্বাচিত ৮৩০টি কলেজের ২ হাজার ৮৯৭ শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা এবং ২০২৪ সালের জন্য নির্বাচিত ৭২৫টি কলেজের ২ হাজার ২৪ শিক্ষার্থীকে একই হারে মোট ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকা দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মেধাবী শিক্ষার্থীরাও রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার বড় একটি অংশের দায়িত্ব পালন করছে। শিক্ষার মান বাড়াতে অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত পরিদর্শন, শিক্ষার মান যাচাই এবং আয়-ব্যয়ের অডিট নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতার কথা বিবেচনায় নিয়ে বাজারমুখী ও দক্ষতাভিত্তিক কারিকুলাম চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য এখন শিক্ষার গুণগত মানোন্নয়ন। দক্ষতাভিত্তিক ও বাজারমুখী কোর্স চালুর পাশাপাশি কারিকুলাম সংস্কারের কাজ চলছে। ২০২৭ সালের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষা চালু হয়েছে এবং দেশি-বিদেশি ১৫০টি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে।
তিনি আরও জানান, অধিভুক্ত কলেজগুলোতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ-সংকট মোকাবিলার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন দপ্তরের পরিচালক ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s