নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। চলতি মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মৃত শিশুদের চারজন ঢাকা বিভাগের এবং চারজন সিলেট বিভাগের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৭ জন। একই সময়ে পরীক্ষাগারে ৫৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জন। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি মাসে এর আগে শনি ও বৃহস্পতিবার হামে সাতজন করে মারা গিয়েছিল। এবার এক দিনে আটজনের মৃত্যু হওয়ায় চলতি মাসে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা দাঁড়াল আটে।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক চিত্রেও ঢাকায় সংক্রমণের হার বেশি। এ সময়ে ঢাকা বিভাগে ৪২৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৭৮ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগেও নতুন রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
Posted ২:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s