শিরোনাম >>
শিরোনাম >>

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর তিন ছবি ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর তিন ছবি ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন এক শিক্ষার্থী। সোমবার বেলা আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিগুলো ছিঁড়ে ফেলেন উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০১-০২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। তবে সে সময় স্নাতক শেষ করতে পারেননি তিনি। পরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তির সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হন। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

ছবি ছেঁড়ার বিষয়ে আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, জিন্নাহ বাংলা ভাষার বিরোধিতা করেছিলেন এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তাঁর মতে, এমন একজন ব্যক্তিকে ডাকসু সংগ্রহশালায় স্থান দেওয়া উচিত নয়।

তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, জিন্নাহ, গোলাম আযম বা নিজামীর মতো ব্যক্তিদের বাংলাদেশে নায়ক হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না।

সংগ্রহশালায় জিন্নাহর তিন ছবি

সংস্কার শেষে রোববার ডাকসু সংগ্রহশালা পুনরায় চালু করা হয়। নতুন করে সেখানে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়। এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

সংগ্রহশালায় রাখা ছবিগুলোর একটিতে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের প্রসঙ্গ রয়েছে। ওই অনুষ্ঠানে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে বক্তব্য দিয়েছিলেন।

অন্য ছবিটি ১৯৪০ সালের মার্চে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি দলীয় ছবি, যেখানে জিন্নাহ উপস্থিত ছিলেন। তৃতীয়টি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে পাকিস্তানের সংবাদপত্র ডন-এ প্রকাশিত জিন্নাহর ছবি-সংবলিত একটি প্রতিবেদনের পেপার কাটিং।

তবে সংগ্রহশালায় স্বাধীনতাসংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা বিশেষভাবে গৌরবোজ্জ্বল কোনো ছবি না রাখার বিষয়টিও আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ডাকসু জিএসের বক্তব্য

জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার প্রায় দুই ঘণ্টা পর ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। ছবি রাখা নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, জিন্নাহর ছবি প্রদর্শনের পাশাপাশি ছবির নিচে বাংলা ভাষার বিরোধিতায় তাঁর অবস্থানও উল্লেখ করা হয়েছে।

ফরহাদের ভাষ্য, জিন্নাহর ছবি না রাখলে তাঁর বাংলা ভাষাবিরোধী অবস্থান আড়াল করার অভিযোগ উঠতে পারত। আবার ছবি রাখার কারণে এখন সেটি সরিয়ে নেওয়ার দাবি করা হচ্ছে।

ছবি ছিঁড়ে ফেলার ঘটনাকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। আবু তৈয়ব উর্দু বিভাগের শিক্ষার্থী হওয়ায় জিন্নাহর প্রতি তাঁর আলাদা কোনো আবেগ বা আগ্রহ থেকে এমনটি করে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ পিএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------