শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। গত বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মূলত চীন সফরের ব্যয় নিয়ে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি অধিগ্রহণসংক্রান্ত অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে ডব্লিউএইচও স্বাধীনভাবে তদন্ত করছে। তবে শুরু থেকেই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন সায়মা ওয়াজেদ।

২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর ভোটে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন তিনি। পরের বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। পরে ২০২৫ সালের জুলাইয়ে ডব্লিউএইচও তাকে বেতনবিহীন ছুটিতে পাঠায়। পদত্যাগের আগপর্যন্ত তিনি ছুটিতেই ছিলেন।

ডব্লিউএইচওর তদন্তে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও রয়েছে।

গত ৩ জুলাই আইনজীবীদের মাধ্যমে ডব্লিউএইচওকে পাঠানো এক চিঠিতে এসব অভিযোগ অস্বীকার করেন সায়মা ওয়াজেদ। জমির প্লটের বিষয়ে তিনি বলেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি সেটি অধিগ্রহণ করেছিলেন। একই সঙ্গে, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় প্লটটি পাওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

চীন সফরের ব্যয়সংক্রান্ত অভিযোগের বিষয়ে সায়মা ওয়াজেদের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে অনিয়মটি ঘটে। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগও নাকচ করেছেন সায়মা ওয়াজেদ। তাঁর দাবি, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং বিষয়টি ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসকে জানিয়েছিলেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সেবা করার জন্য নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্বটি আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। তবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং দীর্ঘ সময় বেতনবিহীন ছুটিতে রাখার কারণে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তাঁর আস্থা নষ্ট হয়েছে বলে জানান তিনি।

প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন সায়মা ওয়াজেদ। এসব পরিস্থিতির কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এদিকে সায়মা ওয়াজেদের পদত্যাগের বিষয়ে ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত মাসেও সংস্থাটি জানিয়েছিল, তিনি বেতনবিহীন ছুটিতে রয়েছেন। তবে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি উল্লেখ করে তাঁর বিরুদ্ধে চলমান তদন্ত নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল সংস্থাটি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৮ এএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------