ঝিনাইদহ প্রতিনিধি | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজ থেকে সার নিতে সকালে সেখানে ভিড় করেন স্থানীয় কৃষকরা। তবে ডিলারের পক্ষ থেকে সার দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। একপর্যায়ে কৃষকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন এবং বিক্ষোভ শুরু করেন।
ব্রাহিমপুর গ্রামের কৃষক আলিমুল ইসলাম বলেন, ‘সারের জন্য সকাল থেকে আমরা ডিলারের দোকানের সামনে অবস্থান করছিলাম। সকাল ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না।’
তিনি বলেন, সার না দেওয়ার প্রতিবাদে তারা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের পক্ষ থেকে কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কৃষকদের অভিযোগ, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় রাসায়নিক সার না পাওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Posted ৯:০৫ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


