জয়পুরহাট প্রতিনিধি | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় বধির এক বৃদ্ধা নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাকে পাশ কাটাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।
গাড়িটিতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের সহায়তা করেন। প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামের ওই নারীও আহত হন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। বৃদ্ধা নারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে ওই নারী মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
Posted ৭:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s