নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গুজবের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি স্থিতিশীল পরিবেশ দেশের অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরিকল্পিতভাবে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সেই পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সরকার গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যের উৎস শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করে কোনো পক্ষ যাতে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Posted ১২:১৪ পিএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


