নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
দেশে মাদকাসক্তি ও নৈতিকতাহীনতা বাড়ছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাব্যবস্থাকে এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা ও স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম, জনসম্পৃক্ততা ও মানুষের প্রতি ভালোবাসার মতো গুণাবলি গড়ে তোলা সম্ভব। এসব কার্যক্রম তরুণদের মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতেও সহায়তা করবে।
তিনি বলেন, স্কাউটিং থেকে নেতৃত্ব ও মানুষের সঙ্গে কাজ করার শিক্ষা পাওয়া যায়। দেশের জন্য আত্মত্যাগের মানসিকতাও তৈরি হয়। তাই তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং ও খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে হবে।
মিলন বলেন, দেশে মাদকাসক্তি বাড়ছে এবং শিক্ষাব্যবস্থায় নৈতিকতার ঘাটতি রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পোশাক ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘আনন্দের সঙ্গে শেখা’ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কাউটের জন্য পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
মেধাবী শিক্ষার্থীদের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ভালো ফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। মেধাবীদের হাত ধরেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে। দেশের মানুষের মেধা ও জনসংখ্যা উন্নয়নের বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্বে উদাহরণ তৈরি করতে পারে।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, মেয়েদের উপবৃত্তি কর্মসূচি দেশে সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল, যার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট বাড়াচ্ছেন। স্কাউটের জন্যও বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s