হবিগঞ্জ প্রতিনিধি | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া চিমটিবিল এলাকার শফিক মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের চাচা আবদুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো সোহাগ সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন। গরু সীমান্তের ভেতরে চলে গেলে তা আনতে যাওয়ার সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি খোঁজখবর নিচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে পুলিশ।

Posted ১২:০২ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


