নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার মোকামতলা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং ই-রিকশা সংক্রান্ত বিধিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মীর শাহে আলম।
দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন। জনগণের চাহিদা ও দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে এ খাতে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণের কল্যাণ। সুশাসন নিশ্চিত করা এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এ সময় মোকামতলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Posted ১০:৫৪ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


