নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে নেপালে থাকা অপু বিশ্বাস ও পুরো শুটিং ইউনিট নিরাপদে দেশে ফিরেছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস। তিনি বলেন, দুর্যোগের কারণে শুটিং স্থগিত করে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অথচ ‘শিকার’ সিনেমার ইউনিটের ওই পথ দিয়ে কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিল পরদিন, ২৭ আগস্ট। ফলে মাত্র এক দিনের ব্যবধানে ভয়াবহ বিপদের মুখ থেকে রক্ষা পান তারা।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, যে পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, দুর্যোগের পর সেটি প্রায় ১৫ থেকে ২০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পরিকল্পনা অনুযায়ী যাত্রা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এই ঘটনাকে তিনি সৃষ্টিকর্তার বিশেষ রহমত হিসেবে উল্লেখ করেন।
দুর্যোগের কারণে নেপালে শুটিং চালিয়ে যাওয়াকেও মানবিক মনে করেননি অপু বিশ্বাস। স্থানীয় মানুষের দুর্ভোগের মধ্যে গানের দৃশ্য ধারণ করা ঠিক হবে না—এমন বিবেচনা থেকে তিনি পুরো ইউনিটের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেন। এরপর নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
এর আগে বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তাঁর সহশিল্পীরা। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জিসহ অন্যরা। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বাংলাদেশের দর্শক ও ভক্তরা।
দেশে ফিরে অপু বিশ্বাস ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। নেপালে অবস্থানের সময় যারা তাঁর খোঁজ নিয়েছেন, তাঁদের উদ্বেগ ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান তিনি।
এদিকে নেপালে চলমান ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। হড়পা বান, ভূমিধস এবং আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ‘শিকার’ সিনেমার নেপাল অংশের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬
9 News Bd | s s