নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দরকষাকষি এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি ব্যবস্থা সংগ্রহের কার্যক্রম চলছে। প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে চলতি অর্থবছরেই এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, জে-১০সিই ও অ্যাটাক হেলিকপ্টারসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আলোচনা চলছে। নেগোসিয়েশন সভার খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ জে-১০সিই কেনার বিষয়টি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
চীনা জে-১০ যুদ্ধবিমানের সক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের পর এই যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে আলোচনা বেড়েছে। তাঁর দাবি, ওই সংঘাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় জে-১০ যুদ্ধবিমানের ভূমিকা ছিল।
জাহেদ উর রহমান বলেন, রাফাল ও ইউরোফাইটার টাইফুনের মতো ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনা যুদ্ধবিমানের দাম তুলনামূলক কম। তাই প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ব্যয় ও কার্যকারিতা—দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারছে। জে-১০সিই কেনার আলোচনা তারই একটি উদাহরণ।
সংবাদ সম্মেলনে সার সরবরাহ নিয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, দেশে সারসংকট নেই। তবে কোথাও কোথাও সার বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Posted ১১:৪৭ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


