রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজারের রামুতে চলন্ত একটি স্লিপার বাসে আগুন লাগার পর জানালার কাচ ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগা বাসটি আইকন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাস। এটি কক্সবাজার থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে কলঘর এলাকায় বাসটিতে আগুন ধরে যায়।

বাসের যাত্রী চকরিয়ার বাসিন্দা আবদুস সবুর বলেন, আগুন লাগার পর চালক ও সহকারী বাস থেকে নেমে যান। কিন্তু দরজা ও জানালা বন্ধ থাকায় ভেতরে থাকা যাত্রীরা বের হতে পারছিলেন না। এ সময় স্থানীয় লোকজন আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে আসেন। পরে লাঠি দিয়ে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের একে একে বের করে আনেন তারা। বাসটিতে নারী ও শিশুও ছিল।

আরেক যাত্রী ঢাকার বাসিন্দা মো. রায়হান জানান, দুই দিন আগে কয়েকজনের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তিনি। রাতে ঢাকায় ফেরার পথে কলাতলী মোড় থেকে বাসটি ছাড়ে। রাত ১২টার দিকে রামুর কলঘর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসে আগুন লাগে। তিনি বলেন, প্রথমে পোড়া গন্ধ পান। পরে আগুন দেখতে পান। তবে চালক ও সহকারী বিষয়টি যাত্রীদের না জানিয়েই বাস থেকে নেমে যান বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারাই জানালার কাচ ভেঙে তাঁদের উদ্ধার করেন।

যাত্রী মো. সোহেল রানা জানান, তিনি পরিবারের সাত সদস্যকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। রাতে সবাই একই বাসে ঢাকায় ফিরছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার না করলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত বলে মন্তব্য করেন তিনি।

খবর পেয়ে দুর্ঘটনার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ খান। তিনি জানান, সেখানে গিয়ে বাসে আগুন জ্বলতে এবং ভেতরে থাকা যাত্রীদের চিৎকার করতে দেখেন। বাসের দরজা বন্ধ থাকায় স্থানীয় লোকজন জানালার কাচ ভাঙতে শুরু করেন। পরে ভাঙা জানালা দিয়ে সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে খুঁজে বের করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই যাত্রীদের অন্য একটি বাসে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হতে পারে। জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------