নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।
রিটে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান তফসিল স্থগিতের পাশাপাশি ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, এ বিষয়ে আগামী রোববার হাইকোর্টে শুনানি হতে পারে।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে সেখানেই গণনা করে ফল ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর এবারই প্রথমবারের মতো একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী দিয়েছে। জোটের প্রার্থী হিসেবে সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হয়েছে।
এর মধ্যেই তফসিল স্থগিত চেয়ে রিট দায়ের হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নতুন করে আইনি জটিলতার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন হাইকোর্টের শুনানিতে আদালত কী নির্দেশনা দেন, তার ওপর নির্বাচনের পরবর্তী কার্যক্রমের বিষয়টি অনেকাংশে নির্ভর করবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। গত ৬ আগস্ট কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

Posted ৬:২৭ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


