শিরোনাম >>
শিরোনাম >>

রাতে মেট্রোরেলের যাত্রা বাড়ছে, সেপ্টেম্বরে চলবে রাত ১১টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

রাতে মেট্রোরেলের যাত্রা বাড়ছে, সেপ্টেম্বরে চলবে রাত ১১টা পর্যন্ত

রাজধানীর গণপরিবহনে স্বস্তি আনতে রাতে মেট্রোরেলের চলাচল আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে দুটি অতিরিক্ত ট্রেন চালু করা হতে পারে। এতে রাতের শেষ ট্রেনগুলোর মধ্যবর্তী বিরতি ২০ মিনিট থেকে কমে ৭ থেকে ৮ মিনিটে নামতে পারে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে রাতে শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চলাচল করতে পারে।

বর্তমানে রাতের শেষ ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় হচ্ছে। বিশেষ করে অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করা মানুষদের একটি বড় অংশ নির্ধারিত শেষ ট্রেনটি ধরতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। ট্রেনে উঠতে না পারলে বাসসহ অন্যান্য গণপরিবহনে ফিরতে তাদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শাহবাগের একটি রেস্তোরাঁয় কর্মরত রবিউল ইসলাম প্রতিদিন মেট্রোরেলের শেষ ট্রেনে ফার্মগেট যান। সেখান থেকে পূর্ব রাজাবাজারে তাঁর বাসা। তিনি বলেন, ফার্মগেটে মেট্রোরেল থেকে নেমে বাসায় যাওয়াই তাঁর জন্য সবচেয়ে সহজ পথ। কিন্তু শেষ ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। ট্রেনের সংখ্যা কিংবা চলাচলের সময় বাড়ানো হলে তাঁর মতো অসংখ্য যাত্রীর সুবিধা হবে।

মেট্রোরেল কর্তৃপক্ষের হিসাবেও রাতের যাত্রী চাপ বাড়ার বিষয়টি স্পষ্ট। গত ৭ জুন থেকে রাতে উভয় দিকের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিটের বিরতি থাকায় ওই ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেড়েছে। দুটি অতিরিক্ত ট্রেন চালুর পর দৈনিক যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে।

এই পরিস্থিতিতে আরও দুটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি মাসের শেষ দিকে বাড়তি দুটি ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে শেষের ট্রেনগুলোর মধ্যবর্তী বিরতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সেপ্টেম্বর থেকে সময় বাড়ানোর পরিকল্পনা:

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে রাত ১১টা পর্যন্ত শেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

কর্মকর্তারা জানান, রাতে চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেনচালক প্রয়োজন হবে। এরই মধ্যে নতুন চালক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে, যা ২৬ আগস্ট শেষ হওয়ার কথা। প্রশিক্ষণ শেষে নতুন চালকদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করা হবে।

তবে রাতের সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কারিগরি কাজের সময় কমে যাবে। তাই নতুন সময়সূচির সঙ্গে এসব কাজ কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের দিকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। সকালে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়ে সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। আপাতত সকালে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বাড়ছে যাত্রী, সামনে আরও চাপ:

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতি সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। প্রকল্প গ্রহণের সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর পরিকল্পনা ছিল। তবে পর্যাপ্ত জনবল না থাকায় শুরুতে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন পর্যায়ক্রমে চলাচলের সময় বাড়ানো হচ্ছে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে প্রতিদিন প্রায় পাঁচ লাখ যাত্রী যাতায়াত করবেন বলে প্রাক্কলন করা হয়েছিল। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।

এদিকে, মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। বর্ধিত অংশ আগামী বছর চালু হতে পারে। তখন দৈনিক যাত্রীসংখ্যা বেড়ে প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্টদের প্রাক্কলন।

২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেলের যাত্রা শুরু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করলেও পর্যায়ক্রমে রুট ও স্টেশন বাড়ানো হয়। ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, রাতে দুটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিও কমে আসবে। পাশাপাশি আগামী মাসে রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৯ পিএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------