নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও স্বনির্ভর করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এ বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে সরকারের নীতি হলো—‘প্রতিরোধ নিরাময়ের চেয়ে উত্তম’। শুরুতেই মানুষকে রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ সহজেই নিয়ন্ত্রণ ও নিরাময় করা সম্ভব।
এ লক্ষ্যেই বিদ্যমান চিকিৎসাব্যবস্থার পাশাপাশি সরকার নতুন করে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন ও সতর্ক করবেন।
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানো গেলে চিকিৎসাব্যবস্থার ওপর চাপও কমবে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে নিবেদিত থাকতে হবে।
দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের বিভিন্ন সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় উল্লেখ করে তিনি বলেন, তারপরও কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে এর ফলে চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়।
এ ক্ষেত্রে জনগণ ও চিকিৎসক—উভয় পক্ষের কাছ থেকেই আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
দেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবাকে আরও কার্যকর এবং জনবান্ধব করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, ই-হেলথ কার্ড চালু এবং উপজেলা পর্যায়ে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে উপজেলা পর্যায়েই জনগণের জন্য উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন পর্যায়ে নিতে হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে বিদেশে যেতে না হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থী কিংবা পেশাজীবীরা রাজনীতিতে যুক্ত থাকবেন কি না অথবা কতটা সম্পৃক্ত থাকবেন—এ নিয়ে সচেতন মহলে আলোচনা রয়েছে। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে নানা মতও রয়েছে।
তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু প্রায় সব কর্মকাণ্ডকেই প্রভাবিত করে, তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সংগঠিত বা সচেতন থাকবেন—এটি অযৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
তবে অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। রাজনীতিতে দায়িত্বশীলতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়নের মূল লক্ষ্য হবে জনগণকে দেশে থেকেই মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া। এ জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ জনগণ—সব পক্ষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হবে না।
এ লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিকতা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতা আরও জোরদার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত অবকাঠামো, আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল এবং মানবিক চিকিৎসাসেবার সমন্বয়েই একটি কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Posted ২:০৩ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


