নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে ঘিরে রাষ্ট্রপতির উপস্থিতিতেই হট্টগোলের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পরপরই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণ–অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। একপর্যায়ে মিলনায়তজুড়ে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান। তবে তাতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আন্দোলনের অন্যতম নেতৃত্ব ও এনসিপির নেতা আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
আক্তার হোসেন উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আবারও মঞ্চে এসে ডকুমেন্টারির অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান। তিনি জানান, প্রতিবাদকারী শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগ ও প্রেক্ষাপট যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হবে।
এ ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হন এবং অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। পরে নির্ধারিত কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হয়।
তবে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় একই অভিযোগ তুলে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে এনসিপি নেতা আক্তার হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন।

Posted ৮:২৯ এএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


