নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশের ইতিহাসে জনগণ যখনই রাষ্ট্র ও সমাজে পরিবর্তনের দাবি জানিয়েছে, তখনই তাদের আত্মত্যাগের নজির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই মানুষের রক্তের বিনিময়ে পরিবর্তনের পথ উন্মোচিত হয়েছে। তাই শহীদদের আত্মত্যাগের যথার্থ সম্মান জানাতে হলে দেশে কার্যকর ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবনের মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আলোচনা শুরুর আগে অতিথিরা জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং প্রদর্শিত আলোকচিত্র ঘুরে দেখেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরিবর্তন একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া হলেও বাংলাদেশের বাস্তবতায় প্রতিটি ইতিবাচক পরিবর্তনের পেছনে জনগণকে চরম মূল্য দিতে হয়েছে। স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পরে যদি পরিবর্তনের দাবিতে আবারও তরুণদের জীবন উৎসর্গ করতে হয়, তবে তা জাতির জন্য গভীর আত্মসমালোচনার বিষয়।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে যে দেশের তরুণ সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই এখন সময়ের দাবি। তাঁর মতে, কেবল সরকার পরিবর্তন করলেই হবে না; রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কৃতি এবং মানুষের মানসিকতায়ও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের প্রতি অনীহা এবং পুরোনো ধ্যানধারণার প্রভাব লক্ষ্য করেছেন। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ দায়িত্ব সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। প্রতিশোধের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্য, সুশাসন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জুলাইয়ের চেতনা বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও অর্জনকে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ দেওয়া যাবে না। তিনি বলেন, ইতিহাসে যখনই অন্যায়, বৈষম্য ও শোষণ বেড়েছে, তখনই জনগণ প্রতিবাদে সোচ্চার হয়েছে। তিনি ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Posted ১০:৫৪ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
9 News Bd | s s


