রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
নবজাতকের মৃত্যুর ঘটনার পর বাতিল হওয়া অনুমোদন ফেরত, মানতে হবে সরকারের নির্দেশনা

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হলেও তিনটি নির্দিষ্ট শর্ত পালন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারকে আগের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়।

স্মারকে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।

হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনরায় কার্যকর হয়েছে।

এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক আদেশে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। সেই আদেশে বলা হয়েছিল, লাইসেন্স বাতিলের পর ৩০ দিনের মধ্যে সরকার বরাবর আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে।

লাইসেন্স বাতিলের পেছনে ছিল গত ২৭ মে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। ঈদুল আজহার আগের দিন সকালে হাসপাতালটির প্রসবোত্তর ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা এবং কক্ষে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ৪ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধানের ফলাফল তুলে ধরে। একই দিনে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং জানতে চায়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। জবাব দেওয়ার জন্য প্রথমে ৭ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানো হয়।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে শর্তসাপেক্ষে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com