রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এর উদ্বোধনী আসরে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। এরই মধ্যে এ আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালি, চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী এবং সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

আয়োজকরা জানান, বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরা, নতুন নির্মাতাদের উৎসাহ দেওয়া এবং বিশ্বজুড়ে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারই এ উৎসবের প্রধান লক্ষ্য। উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র—এই তিন বিভাগে নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, রেড কার্পেট আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণ থাকবে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

উৎসবের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। তাঁর ভাষ্য, শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, মানসম্পন্ন চলচ্চিত্র ও মেধাবী নির্মাতাদের যথাযথ মূল্যায়নের পরিবেশ তৈরি করাই এ উৎসবের উদ্দেশ্য।

সদস্য সচিব লিটু আনাম জানান, ভবিষ্যতে সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতাদের কাজে বিনিয়োগের বিষয়েও আগ্রহ দেখিয়েছে এবিপিএ। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর সানি।

মূল আয়োজনের আগে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, প্রামাণ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতী পরিচালিত ‘নয়া মানুষ’। ৩১ জুলাই দর্শকরা দেখতে পারবেন ‘ইশপাইট’, ‘দ্য ইটারনাল জার্নি’ এবং মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’।

প্রদর্শনীর শেষ দিন ১ আগস্ট দেখানো হবে জায়েদ খানের ‘আমেরিকান ড্রিম’, ‘ঈদ মোবারক’, রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমান পরিচালিত ‘শিকড়’।

প্রথম আয়োজন হওয়ায় এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের সেরা কাজগুলোর মূল্যায়ন করা হবে। অভিনয়, পরিচালনা, সংগীত, কারিগরি দক্ষতাসহ মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ ছাড়া বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বায়োস্কোপ ফিল্মসকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। দেশের প্রেক্ষাগৃহ সংস্কৃতি পুনরুজ্জীবিত করা, আধুনিক সিনেমা হল নির্মাণ এবং দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে অবদানের জন্য বিশেষ সম্মাননা পাবে স্টার সিনেপ্লেক্স।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন। তাদের উপস্থিতিতে ২ আগস্টের মূল অনুষ্ঠান আরও বর্ণাঢ্য হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------