বিনোদন ডেস্ক | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন ভাষার চলচ্চিত্রের ভিত্তিতে বিজয়ীদের নাম প্রকাশ করে।
এবার যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মামুট্টি এবং বলিউড তারকা কার্তিক আরিয়ান। ‘ব্রহ্মযুগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মামুট্টি এবং ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এ সম্মাননা অর্জন করেন।
অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম। এটি কার্তিক আরিয়ান ও ইয়ামি গৌতম—দুজনেরই ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একই সঙ্গে ‘আর্টিকেল ৩৭০’ সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতিও পেয়েছে।

অন্যান্য বিভাগে ‘ভক্ষক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সঞ্জয় মিশ্র সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার অর্জন করেছেন। ‘অমরন’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন রাজকুমার পেরিয়াসামি। আর ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ চলচ্চিত্রের মাধ্যমে সেরা নবাগত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন রণদীপ হুদা।
চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড বিভিন্ন ভাষার চলচ্চিত্র মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সনদপ্রাপ্ত চলচ্চিত্রগুলো এবারের পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়।
ফিচার ও নন-ফিচার মিলিয়ে মোট ৪৩টি বিভাগে এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পুরস্কার ঘোষণাকে ঘিরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
Posted ২:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬
9 News Bd | s s