| শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অস্থায়ী মঞ্চ ধসে পড়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত কয়েকজন নেতা নিচে পড়ে যান। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে মঞ্চে উঠে পড়েন। এতে অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীও মঞ্চ থেকে নিচে পড়ে যান।
তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। মঞ্চ ধসে পড়ার পর সবাই দ্রুত উঠে দাঁড়ান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যান।
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ বিতরণের সময় উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হলে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Posted ১১:০৪ এএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
9 News Bd | s s


