ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট

বিশ্বকাপের অন্যতম নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ৩-২ গোলের এই জয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মিশরের একটি গোল বাতিলের সিদ্ধান্ত, যা নিয়ে ফুটবলবিশ্বে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন মোস্তাফা জিকো। কিন্তু গোল উদযাপনের মাঝেই ভিএআরের পরামর্শে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ঘটনাটি পুনরায় পর্যালোচনা করেন।
রিপ্লেতে দেখা যায়, আক্রমণ শুরুর আগে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে স্টাড লাগিয়েছিলেন। সেটিকে ফাউল হিসেবে বিবেচনা করে গোলটি বাতিল করেন রেফারি। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন মিশরের খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় ব্যাপক সমালোচনা।
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস শিরোনাম করে, ‘ভিএআর বাঁচালো আর্জেন্টিনাকে: জাতীয় দলের বিপক্ষে বিতর্কিতভাবে মিশরের গোল বাতিল।’ তাদের দাবি, ভিএআরের সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
তবে হতাশ হয়ে থেমে থাকেননি মোস্তাফা জিকো। কিছুক্ষণ পর আরেকটি দৃষ্টিনন্দন আক্রমণ থেকে তিনি আবারও গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এবার আর সেই গোল বাতিল হয়নি।
দুই গোলে পিছিয়ে পড়ার পরই ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে কর্নার থেকে হেডে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। এরপর লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষদিকে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের আগে আক্রমণের শুরুতে হুলিয়ান আলভারেজের সঙ্গে মিশরের এক খেলোয়াড়ের সংঘর্ষে ফাউলের দাবি ওঠে। অভিযোগ, ওই ঘটনাটি প্রথম বাতিল হওয়া গোলের পরিস্থিতির সঙ্গে মিল থাকলেও রেফারি এবার খেলা থামাননি এবং ভিএআরও হস্তক্ষেপ করেনি। এ কারণেই রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নাটকীয় এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী। তবে ম্যাচ শেষ হলেও ভিএআরের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা এখনো থামেনি।

Posted ৮:০৫ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
9 News Bd | s s


