নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট

সরকারি যেকোনো অনুষ্ঠান, কর্মসূচি বা প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে হবে।
পরিপত্র অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এছাড়া প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
এতে আরও বলা হয়েছে, প্রচারণাসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রোববার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে সড়কে টাঙানো ব্যানার-ফেস্টুনে নিজের ছবি দেখতে পান। পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে এ ধরনের ছবি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার নির্দেশ দেন।

Posted ১০:৫১ এএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
9 News Bd | s s


