শিরোনাম >>
শিরোনাম >>

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টের নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে পরিবর্তিত ইউনিফর্ম চালু হলেও সরকার পরিবর্তনের পর আবারও পোশাকের নকশা ও রঙে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম পরিধান করছেন পুলিশ সদস্যরা।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাকে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সেই সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও ওঠে। এর ধারাবাহিকতায় গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং করা হয়েছিল লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর। ওই বছরের ২৫ নভেম্বর থেকে সেই নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা।

তবে মাঠপর্যায়ে ওই ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পুলিশ সদস্য নতুন রঙ ও নকশা নিয়ে আপত্তি জানান। সরকার পরিবর্তনের পর আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশের পোশাকের রঙ ও নকশায় পরিবর্তন আনে। নতুন বিধানে শার্ট ও ট্রাউজারের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙও পুনর্নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের বিধান থাকলেও এখন নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে।

জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি সামনের পকেট ও সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। তারা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। এছাড়া গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরিধানের সুযোগ রাখা হয়েছে।

মৌসুমভেদে শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরিধান করবেন পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১০ এএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------