শিরোনাম >>
শিরোনাম >>

কোন কোন অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ইনু, কোনগুলো থেকে খালাস?

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

কোন কোন অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ইনু, কোনগুলো থেকে খালাস?

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় তাকে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি ইনুকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, পৃথক তিনটি অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও সব সাজা একসঙ্গে (যুগপৎ) কার্যকর হবে। ফলে তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে:

তৃতীয় অভিযোগ: আন্দোলনকারী ছাত্র-জনতার ছবি দেখে তালিকা প্রস্তুত এবং তাদের আটক ও নির্যাতনের জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারকে (এসপি) ফোনে নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অভিযোগে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ষষ্ঠ অভিযোগ: ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

সপ্তম অভিযোগ: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগও প্রমাণিত হয়েছে। এ অভিযোগে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা ক্ষতিপূরণে দণ্ডিত করা হয়েছে।

যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়নি:

ট্রাইব্যুনাল প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করেছেন।

এসব অভিযোগের মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্তে সম্পৃক্ততা, আন্দোলন দমনে মারণাস্ত্র ও হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা, গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দমন-পীড়নকে সমর্থন এবং ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীসহ সারা দেশে হত্যাকাণ্ডে নির্দেশ দেওয়ার অভিযোগ।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ মামলার তদন্ত শুরু হয় এবং একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল। গত ২২ জুন রায়ের দিন নির্ধারণ করা হয় এবং মঙ্গলবার ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৪ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------