রাজবাড়ী প্রতিনিধি | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া প্রায় ১১ কেজি ওজনের ছয়টি ইলিশ ৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের এসব ইলিশ স্থানীয় মাছের আড়তে নিলামে বিক্রির পর অনলাইনের মাধ্যমে এক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়।
রোববার (২৮ জুন) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।
জানা গেছে, রোববার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনার বিভিন্ন এলাকায় জাল ফেলেন জেলে নিয়ামত হালদার, পরান হালদারসহ কয়েকজন। সকালে জাল তোলার পর প্রায় সাড়ে ৩ কেজি ওজনের দুটি এবং প্রায় ৭ কেজি ওজনের চারটি বড় ইলিশ ধরা পড়ে।
পরে দৌলতদিয়ার মাছের আড়তে উন্মুক্ত নিলামে দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা এবং চারটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
তিনি জানান, পরে অনলাইনের মাধ্যমে গোপালগঞ্জে বসবাসরত এক ইতালি প্রবাসীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মাছগুলো বিক্রি করা হয়। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৭ হাজার ৩০০ টাকা। প্রতি কেজিতে ১০০ টাকা করে লাভ হয়েছে বলেও জানান তিনি।
Posted ২:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
9 News Bd | s s