শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারের সঙ্গে একাধিক বৈঠকে অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল, ট্রাফিক আইন লঙ্ঘন এবং নগর পরিবহন ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী মাসে সরকারের উচ্চপর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হলে প্রথম ধাপে রাজধানীর প্রধান প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে পুরো মহানগরে এর চলাচল নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে বিষয়টি উত্থাপিত হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর কারণে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর এ বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা হতে পারে এবং আগামী মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের পর ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, স্টপলাইন ভঙ্গ এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো অপরাধ কমেছে। ক্যামেরার মাধ্যমে আইন ভঙ্গকারীদের শনাক্ত করে ই-প্রসিকিউশনের আওতায় আনা হচ্ছে।

তবে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। অধিকাংশ অটোরিকশার বৈধ নিবন্ধন, নম্বরপ্লেট কিংবা চালকের লাইসেন্স না থাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যকরভাবে প্রয়োগ করা যাচ্ছে না। ফলে আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হলেও পরবর্তী ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।

ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, অটোরিকশার বেপরোয়া চলাচল, উল্টো পথে প্রবেশ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং নিয়ম অমান্যের প্রবণতা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এতে শুধু যানজটই বাড়ছে না, বরং সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, বর্তমান জনবল দিয়ে বিপুল সংখ্যক অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে কেবল পুলিশের অভিযান নয়, বরং সরকারের বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সমন্বিত পদক্ষেপ নেওয়া গেলে অল্প সময়ের মধ্যেই রাজধানীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হলে ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে জানানো হবে এবং এরপর মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৬ এএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------