নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন। তিনি জানান, দুদকের মামলার ভিত্তিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
তবে কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।

Posted ৯:৩৩ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬
9 News Bd | s s


