ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট
ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া ইউনিয়নে পেসেন্ট পয়েন্ট লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ ক্যাম্পে শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যসচেতনতামূলক নির্দেশনা এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল (এমবিবিএস, পিজিটি, এমপিএইচ-রোগতত্ত্ব)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পেসেন্ট পয়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম (বাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. বাচ্চু শেখ এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের হেলথ কার্ড সেক্টরের প্রধান মো. আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, দেশের অনেক মানুষ এখনও সঠিক স্বাস্থ্যসেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাবে প্রতারণার শিকার হচ্ছেন। এ অবস্থায় নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা তথ্য, সঠিক চিকিৎসা পরামর্শ ও মানসম্মত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই পেসেন্ট পয়েন্ট লিমিটেডের মূল লক্ষ্য। তিনি স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সময়মতো রোগ নির্ণয় নিশ্চিত করা গেলে অনেক জটিল রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি দরিদ্র মানুষের জন্য স্বল্প খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, পেসেন্ট পয়েন্ট লিমিটেডের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও দ্রুত চিকিৎসাসহায়তা পাচ্ছেন। তারা প্রতিষ্ঠানের সেবার মান ও রোগীবান্ধব কার্যক্রমেরও প্রশংসা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। ক্যাম্পে আগত রোগীদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬
9 News Bd | s s