নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জুন ২০২৬ | প্রিন্ট

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ‘এসবি সুপার ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা হয়েছিল। তবে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় বাসচালক ও তার সহকারী আহত হয়েছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে ডুবে যাওয়া বাসটি শনাক্তের পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ সেটি উত্তোলনের কাজ শুরু করেছে। একই সঙ্গে ডুবুরি দল বাসের ভেতরে কেউ আটকা পড়েছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে।

Posted ৬:৪৩ এএম | শুক্রবার, ০৫ জুন ২০২৬
9 News Bd | s s


