নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট
দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ১৩ শিশু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মৃত ১৩ শিশুর মধ্যে একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
অঞ্চলভিত্তিক হিসাবে দেখা গেছে, হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে। আর হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।
শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এর মধ্যে গুরুতর অবস্থায় ৪৯ হাজার ৩৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, চিকিৎসা শেষে ৪৫ হাজার ১১ শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার করা প্রয়োজন। পাশাপাশি অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, র্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা নিশ্চিত করা গেলে এই রোগের ভয়াবহতা অনেকাংশে কমানো সম্ভব। তাই শিশুদের সুরক্ষায় জাতীয়ভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
9 News Bd | s s