নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির আগে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। খাতা মূল্যায়নে বিলম্বসহ বিভিন্ন কারণে এখনো ফল প্রস্তুতের কাজ শেষ হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে ফল প্রকাশের নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছেন, প্রথমে আগামী ২১ মে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এখন ঈদের ছুটির পর, জুনের প্রথম সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশের চেষ্টা চলছে।
গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৪০ হাজার। এর মধ্যে সাড়ে পাঁচ লাখের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০ বৃত্তি নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতি সাড়ে ৫ জনে একজন বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন। বর্তমানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা পেয়ে থাকে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পায়। পঞ্চম শ্রেণি পাসের পর পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা চালু থাকবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বাড়তি হারে বৃত্তির টাকা কার্যকর হতে পারে আগামী ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
9 News Bd | s s