ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে একটি ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করে তাঁর হৃদ্যন্ত্রে একটি স্টেন্ট (রিং) পরানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে বঙ্গভবন।
বুধবার বঙ্গভবনের প্রেস উইং এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাষ্ট্রপতির হৃদ্যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষার সময় একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে অ্যানজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বঙ্গভবন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তাঁর সুস্থতা কামনা করেছেন।
সূত্র: বাসস

Posted ৪:১৬ এএম | বুধবার, ১৩ মে ২০২৬
9 News Bd | s s


