নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট

দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাধ্য ও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগী পুলিশ সদস্যদের স্মরণ করেই দায়িত্ব শেষ নয়; বরং যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার পুলিশ বাহিনীকে জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। দেশের মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়।
পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করে তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, দেশের জনগণের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও পুলিশের অন্যতম দায়িত্ব। বিদেশে যেমন সুনাম অর্জিত হয়েছে, দেশেও তেমনি জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন এবং প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের অভিনন্দন জানান।

Posted ৬:৫৪ এএম | রবিবার, ১০ মে ২০২৬
9 News Bd | s s


