নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

কুতুবদিয়ায় পৌঁছেছে এক লাখ টন ক্রুডবাহী ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’। সৌদি আরব থেকে আনা এই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করে। প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলেই ক্রুড লাইটারিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার (৭ মে) বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট পুনরায় চালু করা সম্ভব হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, মঙ্গলবার (৫ মে) বিকেল পর্যন্ত জাহাজটি বাংলাদেশ জলসীমা থেকে প্রায় ১৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল এবং পরিকল্পনা অনুযায়ী বুধবার কুতুবদিয়ায় পৌঁছায়। লাইটারিংয়ের জন্য আগে থেকেই দুটি জাহাজ সেখানে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড আনতে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ বর্তমানে সেখানে যাওয়ার পথে রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এটি ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে।
উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর অধীন ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র পেট্রোলিয়াম শোধনাগার, যেখানে ব্যবহৃত সব ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকার জি-টু-জি ভিত্তিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড সংগ্রহ করে থাকে। আমদানিকৃত তেলের পুরো পরিবহন কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন, যা বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ডিক এনার্জি থেকে চার্টার ভিত্তিতে জাহাজ ভাড়া নিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Posted ৭:১০ এএম | বুধবার, ০৬ মে ২০২৬
9 News Bd | s s


