নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

ঢাকা মহানগরীতে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, অপরাধ দমনে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, ব্লক রেইড, চেকপোস্ট এবং সিসিটিভি বিশ্লেষণ জোরদার করা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর কাঁচাবাজার, বড় মার্কেট, টার্মিনাল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলছে। থানা পুলিশ, ডিবি ও সিটিটিসি যৌথভাবে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি জানান, গত এক সপ্তাহে বড় আকারের চালান জব্দ করা হয়েছে, যার মধ্যে একদিনেই ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এখন শুধু খুচরা বিক্রেতা নয়, বরং মূল কারবারি ও তাদের পেছনের চক্রকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিরাপত্তা জোরদারে বসিলা ও কারওয়ান বাজার এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আরও কয়েকটি স্থানে ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।
সাধারণ মানুষের প্রতি সন্দেহজনক ব্যক্তি বা অপরাধ সংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নেই। চাঁদাবাজি বা অপরাধে জড়িত কাউকে ছাড়ানোর জন্য তদবির করলে তাকেও অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই নতুনভাবে তালিকাভুক্ত হয়েছে। অপরাধীরা রাজধানী ছেড়ে অন্য জেলায় পালালেও তাদের গ্রেপ্তার করা হবে।
মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নতুন থানা স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে। পুলিশ জানিয়েছে, রাজধানীকে আরও নিরাপদ রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

Posted ১১:০৪ এএম | রবিবার, ০৩ মে ২০২৬
9 News Bd | s s


