শিরোনাম >>
শিরোনাম >>
রূপপুরে জ্বালানি লোডিং শুরু

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশের অগ্রযাত্রা

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশের অগ্রযাত্রা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল। একই সঙ্গে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হওয়ার পথে দেশটি আরও এক ধাপ এগিয়ে গেল। কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ দেশি-বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

জানা গেছে, রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে হেলিকপ্টারে করে রূপপুর প্রকল্প এলাকায় যান।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করে এবং ৫২ জন বিশেষজ্ঞকে অনুমোদন দেয়। কিছু কারিগরি জটিলতার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। দুটি ইউনিটের মাধ্যমে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৫ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------