রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে তেল-ডিজেলের দাম বাড়লেও জনদুর্ভোগ বিবেচনায় সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। এই খাতে প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও পরিস্থিতি স্থিতিশীল রাখা হচ্ছে। জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ এটি জনগণের সরকার এবং জনগণের কাছেই দায়বদ্ধ।

তিনি আরও বলেন, জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক পর্যায় পর্যন্ত অমিতব্যয়িতা ও বাহুল্য পরিহার করে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বাধীনতা ও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (মরণোত্তর)সহ ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘সরকারের অগ্রাধিকার’

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে দায়িত্ব গ্রহণের পর নতুন সরকার দুর্নীতি, অব্যবস্থাপনা ও দুর্বল শাসন কাঠামো নিয়ে যাত্রা শুরু করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এখন বড় চ্যালেঞ্জ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বাস্তবমুখী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে উন্নয়ন কার্যক্রম সফল হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রতিটি খাত আলাদা করে চিহ্নিত করে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

‘জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার’

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই জনগণের সামনে দলীয় ইশতেহার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জনগণ এসব অঙ্গীকারের পক্ষে সমর্থন দিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এখন সময় এসেছে প্রতিশ্রুতি বাস্তবায়নের। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। মানসিক পরিবর্তনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শুধু নীতিগত নয়, চিন্তা-চেতনার পরিবর্তনও জরুরি।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জোবেরা রহমান, অধ্যাপক সুকোমল বড়ুয়া ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বক্তব্য দেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------