| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
রাজধানীর শ্যামলীতে অবস্থিত একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অপচেষ্টা ও ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. কামরুল ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকেই যুবদল নেতা মঈন উদ্দিন হাসপাতালের সরবরাহসংক্রান্ত কাজ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে অনুমতি ছাড়াই ডিম ও চাল সরবরাহ করতেন এবং এ নিয়ে কর্তৃপক্ষকে বিরক্ত করতেন।
ডা. কামরুল বলেন, পরে দেখা যায়, এসব পণ্য বাজারদরের তুলনায় প্রতি কেজিতে অন্তত ১০ টাকা বেশি দামে সরবরাহ করা হচ্ছে। “আমরা তো বাণিজ্যিক প্রতিষ্ঠান নই যে বেশি দামে কিনব। তাই আমরা সরাসরি বাজার থেকে কেনার সিদ্ধান্ত নিই,”—যোগ করেন তিনি।
তার দাবি, এই সিদ্ধান্তের পরই মঈন উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১০ এপ্রিল সকালে তিনি হাসপাতালে এসে ‘মব’ তৈরির চেষ্টা করেন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন।
এছাড়া এর আগেও গত ২৯ মার্চ একই ব্যক্তি হাসপাতালে এসে কর্মচারীদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। ওই ঘটনার পরদিন শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডা. কামরুল আরও বলেন, বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতাদের জানানো হলে তারাও ওই ব্যক্তির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “মবের পর আমরা দেখেছি পুলিশও কিছুটা ভীত ছিল। পুলিশ যদি ভয় পায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?”
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে। রোগী ও কর্মীদের জন্য প্রতিদিন তিন বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থাও রয়েছে এবং তুলনামূলক কম খরচে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. কামরুল। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা খাতে নিরাপদ ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
Posted ১:৩২ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
9 News Bd | s s