বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘শরী‘আহ কমপ্লায়েন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন।
কর্মশালায় প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ, পেশাগত সততা ও উন্নত আচরণের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালনের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট করণীয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে শাখাভিত্তিক শরী‘আহ অডিটের পর্যালোচনা উপস্থাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। তিনি কর্মশালাটি সঞ্চালনাও করেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম।
কর্মশালায় প্রধান কার্যালয়ের শরী‘আহ সেক্রেটারিয়েট বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন। এ ছাড়া দেশের বিভিন্ন শাখার শাখাপ্রধান, অপারেশন্স ম্যানেজার এবং বিনিয়োগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।
কর্মশালার মাধ্যমে ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা, শরী‘আহ বিশেষজ্ঞ এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রমে শরী‘আহ নীতিমালা যথাযথভাবে অনুসরণ, নৈতিক মান বজায় রাখা এবং শরী‘আহ পরিপালনের বিষয়ে কর্মকর্তাদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
Posted ৫:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
9 News Bd | s s